শনিবার, ১৭ আগস্ট, ২০১৩

ময়মনসিংহে খোলাবাজারে বিএডিসির বীজ বিক্রি হচ্ছে দ্বিগুণমূল্যে


গোয়ালা অভি, ময়মনসিংহ প্রতিনিধিঃ ভরা মৌসুমে বীজের অভাবে পাট চাষ করতে পারছেন না ময়মনসিংহের চাষীরা। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণমূল্যে বিএডিসির পাটবীজ বেচাকেনা হচ্ছে খোলাবাজারে। বাজারে নতুন বিএডিসি বীজের সাথে বিক্রি হচ্ছে গতবারের বিএডিসির পুরাতন বীজ। বীজের তীব্র সঙ্কটের কারণে চাষিরা পাটবীজ সংগ্রহ করতে হণ্যে হয়ে ছুটছেন উপজেলা ও জেলা শহরে। সঙ্কট নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে এবারো পাট চাষের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষিবিদরা। সোনালী আঁশ পাটের দেশ হিসেবে পরিচিত ময়মনসিহে পাটের আবাদ দিনদিনই কমছে। প্রতিকূল আবহাওয়ার পাশাপাশি ন্যায্যমূল্য না পাওয়ায় পাঁচ বছরের ব্যবধানে পাটের আবাদ কমেছে প্রায় চার হাজার হেক্টর। গত মৌসুমে ১০ হাজার ৩শ’ ৭০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয় ৯ হাজার ৫শ’ ৭০ হেক্টর। এবার ১০ হাজার ৪ শ’ ৯৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষমাত্রা নির্ধারিত করা হয়েছে। কিন্তু গত বছর প্রতিকূল আবহাওয়ার কারণে চাষিরা পাটের বীজ সংগ্রহ করতে পারেনি বলে এখন চাষিদের ঘরে ঘরে পাট বীজের তীব্র সংকট চলছে। তাই বীজ বপনের ভরা মৌসুমে চাষিরা বিএডিসির দেশী পাটবীজ সংগ্রহ করতে হন্যে হয়ে ছুটছেন উপজেলা ও জেলা শহরের বিক্রেতাদের কাছে। আর এই সঙ্কটকে সামনে রেখে ডিলার ও ব্যবসায়িরা বিএডিসির পাটবীজ বিক্রি করছেন দ্বিগুন মুল্যে। বিএডিসি নতুন পাট বীজের সাথে বিক্রি করছে গত বছরের পুরাতন পাট বীজ। চড়াদামে বিএডিসির বীজ কিনে অনেকেই প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ চাষিদের। ডিলারদের কাছ থেকে বিএডিসির দেশী পাটবীজ উচ্চমূল্যে কিনতে বাধ্য হচ্ছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা। চাহিদা অনুযায়ী বিএডিসি দেশী পাটবীজ সরবরাহ করতে পারেনি বলে সঙ্কট মারাত্মক আকার ধারণ করেছে বলে জানালেন ডিলাররা। বিএডিসির পাটবীজ খোলাবাজারে উচ্চমূল্যে বেচাকেনা হওয়ার কথা স্বীকার করে বিএডিসির ডিলার বললেন,পাট বীজ বিএডিসি থেকে কম দেয়ায় অনেকেই উচ্চ মূল্যে বিক্রি করছে। সময়মতো বৃষ্টির পাশাপাশি বীজ না পেলে লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক নারায়ন চন্দ্র বসাক। সোনালী আঁশের দেশ হিসেবে খ্যাত ময়মনসিংহে পাট চাষের হারানো গৌরব ফিরিয়ে আনতে বীজ সঙ্কট নিরসনে দ্রুত পদক্ষেপ নেবে সরকার এমনটাই প্রত্যাশা চাষিদের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন